বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক সদস্য সচিব কাদের গনি চৌধুরী বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ধারা ১০ (১) অনুযায়ী মুহাম্মদ কাদের গনি চৌধুরীকে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
তবে এ নিয়োগের শর্ত হিসেবে তাকে অন্যকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত শর্ত ও প্রযোজ্য বিধিবিধান অনুযায়ী তিনি এ দায়িত্ব পালন করবেন।
কাদের গনি চৌধুরী দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত।
উল্লেখ্য, বাসসের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কাদের গনি চৌধুরী সাংবাদিকতা অঙ্গনে এক সুপরিচিত ও জনপ্রিয় নাম। তিনি দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
১৯৯৩ সালে দৈনিক দিনকাল পত্রিকায় বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে তার পেশাগত জীবন শুরু হয়। দীর্ঘ ক্যারিয়ারে তিনি দৈনিক দিনকাল ছাড়াও দৈনিক ইত্তেফাক, দৈনিক আমার দেশ এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পেশাদার সাংবাদিক সংগঠন নেতৃত্বের ক্ষেত্রে তিনি অত্যন্ত সক্রিয় ও জনপ্রিয়। তিনি বর্তমানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন।
এর আগে তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি এবং জাতীয় প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা কাদের গনি চৌধুরী ব্যক্তিজীবনে এক কন্যা সন্তানের জনক।