বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত তারকা আসিফ আকবরের ৫১তম জন্মদিন আজ।
১৯৭২ সালের এই দিনে (২৫ মার্চ) কুমিল্লার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন তিনি।
তাকে ভালোবেসে শ্রোতা-ভক্তরা গানের যুবরাজ বলেও সম্মানিত করে থাকেন।
২০০১ সালে প্রথম অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’ প্রকাশ করে রাতারাতি তারকা বনে যান আসিফ আকবর। তাঁর এই অ্যালবাম দেশের ইতিহাসে সর্বোচ্চ বিক্রিত অ্যালবাম বলে স্বীকৃত।
ওই অ্যালবামের সাফল্যের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি আসিফ আকবরকে। তাঁর অসংখ্য গান শ্রোতাপ্রিয় হয়েছে। তাঁর অনেক গান মানুষের মুখে মুখে।
বাংলাদেশের ক্রিকেট নিয়ে গান গেয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন আসিফ। তাঁর ‘বেশ বেশ বেশ, সাবাশ বাংলাদেশ’ গানটি জনপ্রিয়তার বিচারে বাংলাদেশ ক্রিকেটের অঘোষিত থিম সং-এ পরিণত হয়েছে। পৃথিবীর যে প্রান্তেই খেলা হোক, সেখানে বাংলাদেশিরা থাকলে আসিফের এ গানটি বাজাতে শোনা যায়।
ঘড়ির কাঁটা ১২টা ছুঁয়ে দিতেই আসিফের কাছের মানুষরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন নানাভাবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এরই মধ্যে তার ভক্তরাও তাকে ভালোবাসায় সিক্ত করতে শুরু করেছেন।
বিশেষ দিনে অসংখ্য অনুরাগীর শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর।