নির্বাচনী প্রতীক বেছে নেওয়ার জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের প্রাথমিক অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। তবে তাদের পছন্দের প্রথম প্রতীক ‘শাপলা’ বরাদ্দের সুযোগ নেই। ফলে দলটিকে ৭ অক্টোবরের মধ্যে ইসির দেওয়া ৫০টি প্রতীকের তালিকা থেকে একটি প্রতীক বেছে নিতে হবে। এ বিষয়ে ইতিমধ্যে এনসিপিকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে কমিশন।
গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ এনসিপিকে এ সংক্রান্ত চিঠি পাঠান। সেখানে জানানো হয়, এনসিপির নিবন্ধনের আবেদন প্রাথমিকভাবে গ্রহণযোগ্য হলেও ‘শাপলা’ প্রতীক বরাদ্দ দেওয়া সম্ভব নয়, কারণ নির্বাচন পরিচালনা বিধিমালার তালিকায় এটি নেই। এনসিপি তাদের আবেদনপত্রে শাপলার পাশাপাশি কলম ও মোবাইল প্রতীকও উল্লেখ করেছিল।
নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮-এর ৯(১) ধারা অনুযায়ী, প্রতীক বরাদ্দ দিতে হলে তা অবশ্যই কমিশনের অনুমোদিত তালিকায় থাকতে হবে। বিধি অনুসারে প্রার্থীর জন্য একবার কোনো প্রতীক বরাদ্দ হলে সেটিই দলটির জন্য সংরক্ষিত থাকবে, যদি না পরবর্তীতে দলটি অন্য প্রতীক বেছে নিতে চায়।
এই পরিস্থিতি মোকাবিলায় ইসি এনসিপিকে জানায়, এখনো বরাদ্দ হয়নি এমন প্রতীক থেকে একটি দ্রুত পছন্দ করে জানাতে হবে। দলটির নিবন্ধন প্রক্রিয়ার পরবর্তী ধাপ শুরু করতে হলে ৭ অক্টোবরের মধ্যেই লিখিতভাবে কমিশনে প্রতীক চূড়ান্ত করতে হবে।
ইসির দেওয়া প্রতীকের তালিকায় রয়েছে মোট ৫০টি ভিন্ন ভিন্ন চিহ্ন। এর মধ্যে আছে উটপাখি, আলমিরা, বেগুন, খাট, ঘুড়ি, কাঁপ-পিরিচ, চশমা, দালান, চার্জার লাইট, কম্পিউটার, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, ফ্রিজ, তবলা, বক, মোরগ, কলম, তরমুজ, বাঁশি, লাউ, কলস, চিংড়ি, থালা, বেঞ্চ, লিচু, দোলনা, প্রজাপতি, বেলুন, ফুটবল, ফুলের টব, মোড়া, বালতি, কলা, বৈদ্যুতিক পাখা, মগ, মাইক, ময়ূর, মোবাইল ফোন, শঙ্খ, সেলাই মেশিন, সোফা, স্যুটকেস, হরিণ, হাঁস ও হেলিকপ্টার।