রূপবতী ঘাস
▪️রফিক লিটন▪️
ওহে ঘাস রূপবতী ঘাস প্রণতি জানাই আজ,—
সহাস্য গ্রহণ ক’রো চিরচেনা অস্তিত্ব আমার।
শেষ বিকালের ক্লান্তি নিয়ে আশ্রয় চাই আবার,—
গোধুলির লাল নিয়ে করবো তোমার কারুকাজ।
তোমার রূপে মুগ্ধতা ছড়িয়েছে চোখ নেশাতুর—
বিপুল বিস্ময়ে দেখি, বাতাসের ঢেউ বয়ে যায়,
তোমার শরীর জুড়ে আশ্চর্য দিনের গান গায়
অথবা শিল্পীর মতো ছন্নছাড়া জীবনের সুর।
ওহে ঘাস রূপবতী ঘাস, একান্ত আপন ক’রে—
গ্রহণ ক’রো আমার প্রেমের সকল আয়োজন।
অথবা জোয়ার আনো ফাগুন রাতের দেহ-মন,
নিবিড় সান্নিধ্যে রবো দুজন দুজনেরই অন্তরে ।
অনেক ক’রে জড়িয়ে ধরো দুখের এ ডালপালা—
শতাব্দীকাল পরেও যেনো অঙ্গে জ্বলুক সে জ্বালা।