ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির ছয় নেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে থানার ওসির অপসারণ চেয়ে মানববন্ধনের প্রস্তুতিকালে এজাহারভুক্ত তিন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার কলেজ রোডে অবস্থিত চুয়াল্লিশের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন, উপজেলা যুবদলের কর্মী রমজান মোল্যা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরব আলী ও আলফাডাঙ্গা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বলেন, গত শুক্রবার রাতে হামলার অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। এ মামলার আসামি বিএনপি নেতা খোশবুর রহমান খোকনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা। তারা আজ মানববন্ধন কর্মসূচি দিয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে আলফাডাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার রূপপাত ইউনিয়নের কুমড়াইল গ্রামের বাসিন্দা ও ছাত্রদল নেতা বনি আমিন।
অভিযোগে উল্লেখ করা হয়, বনি আমিনসহ আলফাডাঙ্গা উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য এ কে এম উজ্বল হোসেনকে মারধর করে আহত করা হয়েছে। মামলায় ছয়জনকে নাম উল্লেখ করে এবং ৩০-৩৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারনামীয় আসামিরা হলেন- উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন (৫০), উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদ (৪৪), উপজেলা যুবদল নেতা রমজান মোল্যা (৩৩), উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন (৩০), পৌর শ্রমিক দলের আহ্বায়ক মো. কাইয়ুম সিকদার (৪৫) ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরব আলী (৩৫)।