কোটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে অস্থির সময় পার করছে বাংলাদেশ। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় বিপুল হতাহত ও ক্ষয়ক্ষতির খবর আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রকাশ পেয়েছে। যা পৌঁছে গেছে ২০২২ বিশ্বকাপে বাংলাদেশের মানুষের বিপুল সমর্থন পাওয়া আর্জেন্টিনার ফুটবলারদের কাছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের সমর্থকদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন আর্জেন্টাইন ফুটবলার এনজো ফার্নান্দেজ। বিশ্বকাপজয়ী ২৩ বছর বয়সী মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ ফেসবুকে তার ভেরিফায়েড পেজে লিখেছেন, ‘আমার সকল বাংলাদেশী অনুসারীদের জন্য জানাচ্ছি, আমি তোমাদের কথা শুনি এবং তোমাদের জন্য প্রার্থনা করি।’ পোস্টের সঙ্গে বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা জুড়ে দেন চেলসিতে খেলা এই ২৩ বছর বয়সী ফুটবলার। এর আগে গত মাসের ২৯ জুলাইও বাংলাদেশে আক্রান্তদের প্রার্থনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। এনজো তার ফেসবুকে লিখেছিলেন, ‘বাংলাদেশে যেসব মানুষ ভোগান্তির মধ্যে আছেন, তাদের জন্য আমার প্রার্থনা ও সহমর্মিতা রইলো।’
আমরা এই প্রতিশ্রুতি দিলাম আপনার ইমেইলটি গোপন রাখবো *