দেশজুড়ে তৃণমূল পর্যায় থেকে দক্ষ ক্রীড়াবিদ তৈরি ও প্রতিভা অন্বেষণের লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
শনিবার (২ মে) বিকেল সাড়ে ৪টায় সিলেট জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কেন্দ্রীয় উদ্বোধনের সঙ্গে সমন্বয় রেখে পিরোজপুর জেলা স্টেডিয়ামেও একই সময়ে কর্মসূচির স্থানীয় উদ্বোধন অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের সূচনা করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমীন দুলাল, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়াবিদ, প্রশিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
আহম্মদ সোহেল মনজুর বলেন, তরুণ প্রজন্মকে সুস্থ ধারায় গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। তিনি জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন খেলার মাঠ ও স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রবীণদের জন্য হাঁটার পথসহ (ওয়াকওয়ে) বিভিন্ন সুবিধাও রাখা হবে।