দেশের প্রথম বিদ্যুৎ চালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেল বর্তমানে সপ্তাহে শুক্রবার ছাড়া ৬ দিন নিয়মিত চলাচল করছে। সাধারণ মানুষের সঙ্গে এর পরিচয় করিয়ে দিতে এবং ব্যবহারে অভ্যস্ত করতে ধাপে ধাপে চালু করা হয় বিভিন্ন স্টেশন। যাত্রী চাহিদার ওপর ভিত্তি করে পর্যায়ক্রমে সময়ও বাড়ানো হয়। বর্তমানে মেট্রোরেল সকাল থেকে রাত পর্যন্ত চলাচল করছে। তবে এটি সপ্তাহে ছয় দিন। শুক্রবার মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ। রাজধানীতে যানজটহীন ও আরামদায়ক এই গণপরিবহনের সুবিধা ছুটির দিনেও পেতে চান যাত্রীরা। এ কারণে শুক্রবার মেট্রোরেল চালুর বিষয়টি বিবেচনা করছে এর পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, আগামী জুলাই থেকে অন্যান্য দিনের মতো শুক্রবারও মেট্রোরেল চলাচলের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। একাধিক সূত্রে এই তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে জানতে চাইলে কোনও কর্মকর্তা সরাসরি বক্তব্য দিতে রাজি হননি। প্রতিষ্ঠানটির যুগ্ম সচিব মোহাম্মদ আবদুর রউফ এবি বার্তাকে বলেন, ‘হয়তো কয়েকদিন পর আমাদের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক স্যার সংবাদ সম্মেলন করে জানাবেন, যদি এ রকম কোনও সিদ্ধান্ত হয়।’ সূত্র জানায়, যাত্রীর চাপ বাড়ায় সকাল-সন্ধ্যা পিক আওয়ারের হেডওয়ে সময় (দুই ট্রেনের মধ্যবর্তী অপেক্ষমাণ সময়) কমানো হতে পারে। জুনে কার্যকর হতে পারে এই সিদ্ধান্ত। এ ক্ষেত্রে হেডওয়ে সময় কমিয়ে ৫ মিনিট করা হতে পারে, বর্তমানে যা ৮ মিনিট রয়েছে। এদিকে মেট্রোরেলের জনবল বাড়াতে শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি দেবে ডিএমটিসিএল। তবে এ ক্ষেত্রে স্থায়ী নয়, চুক্তিভিত্তিক নিয়োগ হতে পারে বলেও সূত্র জানিয়েছে।
আমরা এই প্রতিশ্রুতি দিলাম আপনার ইমেইলটি গোপন রাখবো *