ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. হারুন অর রশীদকে গোয়েন্দা বিভাগের (ডিবি) দায়িত্ব থেকে বদলি করা হয়েছে। নতুন ডিবিপ্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত কমিশনার মহা. আশরাফুজ্জামানকে। বুধবার (৩১ জুলাই) সন্ধ্যায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবি বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বিকেলে এ বদলির আদেশ হয়েছে। হারুন অর রশীদকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন)–এর দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে ডিবিপ্রধানের নতুন দায়িত্ব পাওয়া মহা. আশরাফুজ্জামান এর আগে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রক্রিউরমেন্টের দায়িত্বে ছিলেন বলে জানা গেছে। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের একমাস আগে নারায়ণগঞ্জের তৎকালীন এসপি আনিসুর রহমানকে প্রত্যাহার করে নেয় নির্বাচন কমিশন (ইসি)। পরে হারুন অর রশীদ নারায়ণগঞ্জের এসপি হিসেবে যোগদান করেন ও ১১ মাস দায়িত্ব পালন করেন। হারুন অর রশীদ কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার হোসেনপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা আবদুল হাসেম ও মা জহুরা খাতুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স, এমএসএস, এলএলবি (জাবি) থেকে শিক্ষাজীবন শেষ করেন হারুন।
আমরা এই প্রতিশ্রুতি দিলাম আপনার ইমেইলটি গোপন রাখবো *