ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০২৬ সালের নির্বাচনে পূনরায় নয়া দিগন্তের চিফ রিপোর্টার আবু সালেহ আকন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইনকিলাবের সিনিয়র রিপোর্টার মাইনুল হাসান সোহেল।
রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১ হাজার ৭৫৫ জন ভোটারের মধ্যে ১ হাজার ৪৪৪ জন অংশগ্রহণ করেন। সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ ভোটের ফলাফল ঘোষণা করেন।
সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন মেহেদী আজাদ মাসুম, সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি এম এম জসিম। অর্থ সম্পাদক হয়েছেন নিয়াজ মাহমুদ সোহেল। নারী বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জান্নাতুল ফেরদৌস পান্না। তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মাহমুদ সোহেল, ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ওমর ফারুক রুবেল এবং আপ্যায়ন সম্পাদক হয়েছেন আমিনুল হক ভূঁইয়া।
কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আকতার হোসেন, আলী আজম, মাহফুজ সাদি (মো. মাহফুজুর রহমান), আল আমিন আজাদ ও মোহাম্মদ নঈমুদ্দীন। একই সঙ্গে আবদুল আলিম ও মাজহারুল ইসলামের মধ্যে ভোটের ফলাফল টাই হয়।
যুগ্ম সম্পাদক (একটি) পদে মো. জাফর ইকবাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজান চৌধুরী, দপ্তর সম্পাদক পদে মো. রাশিম (রাশিম মোল্লা), সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মনোয়ার হোসেন এবং কল্যাণ সম্পাদক পদে রফিক মৃধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে বিজয়ী ব্যক্তিরা দায়িত্ব গ্রহণের মাধ্যমে আগামী বছর সাংবাদিক সমাজের স্বার্থে কাজ করবেন এবং ডিআরইউর কার্যক্রম আরও শক্তিশালী ও সমন্বিত করার অঙ্গীকার প্রকাশ করেছেন।