মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী লিমন বাঁচার আকুতি
জানিয়েছেন সমাজের হৃদয়বান ও বিত্তশালী ব্যক্তিদের কাছে। লিমন ঢাকা আহছানিয়া
মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা
করাতে পারছেন না তার বাবা-মা।
তার পরিবার জানিয়েছে, লিমনের চিকিৎসায়
ইতোমধ্যে অনেক টাকা ব্যয় হয়েছে। আরো চিকিৎসা করাতে প্রায় ৫ লাখ টাকার
প্রয়োজন। এত টাকা খরচের সামর্থ নেই তার পরিবারের। তাই সমাজের বিত্তশালী, ও
শুভাকাক্সক্ষীদের কাছে আর্থিক সাহায্য কামনা করেছেন তিনি।
জানা যায়,
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজ গ্রামের
অলিউল ইসলামের ছেলে লিমন (১৯) অভাবের কারণে পড়ালেখা ছেড়ে সংসারের হাল ধরতে
সাগরগামী মৎস্য ট্রলারে চাকরি করতেন। তার রোজগার দিয়েই তাদের সংসার চলতো।
লিমনের পরিবারে লিমন মেঝ সন্তান। বড় ছেলে ঢাকায় একটি কলেজে পড়ালেখা করে।
ছোট ছেলে দ্বাদশ শ্রেণীতে পড়ে। হঠাৎ চার মাস আগে লিমনের শারীরিক অবস্থার
অবনতি হলে চিকিৎসকের শরণাপন্ন হন। একপর্যায়ে লিমনের ব্লাড ক্যান্সার ধরা
পরে।
প্রতিবেশী আনোয়ার বলেন, লিমন অত্যন্ত বিনয়ী, ভালো ছেলে। হঠাৎ করে
তার এমন রোগ ধরা পড়ল, যা সত্যিই দুঃখজনক। তার বাবার সামর্থ্য নাই চিকিৎসা
করার। সমাজের বিত্তবানদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য অনুরোধ করছি।
সাহায্য পাঠানোর জন্য আলিউল ইসলাম বিকাশ, অ্যাকাউন্ট নম্বর ০১৭১৬০২৮৬৫৯।