পিরোজপুরে ঘূর্ণিঝড়ে গাছ পড়ে রুবি বেগম (২৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয় আরো ১৩ জন। মৃত রুবি বেগম পিরোজপুর পৌরসভার হুলারহাট এলাকার মিরাজ সরদারের স্ত্রী।পিরোজপুরে ১০ মিনিটের কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে শতাধিক ঘরবাড়ি। রোববার (৭ এপ্রিল) সকাল ৯টা ৪০ মিনিট থেকে ৯টা ৫৫ মিনিট পর্যন্ত তাণ্ডব চালায় কালবৈশাখী ঝড়। ঝড়ে আহত হয়েছেন অন্তত ২০ জন। ঝড়ের সময় গোটা পিরোজপুর রাতের মতো অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। এ সময় বিচ্ছিন্ন হয়ে যায় জেলার বিদ্যুৎ সংযোগ। গাছপালা ভেঙে পড়ে পিরোজপুরের সাথে বরিশালের সড়ক যোগাযোগসহ বিভিন্ন এলাকার সাথে সড়ক যোগাযোগও বন্ধ রয়েছে। জানা যায়, ঝড়ে গাছের নিচে চাপা পড়া ওই নারীকে স্বজনরা উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রমজান আলী বলেন, ঝড়ের পর রুবি বেগম নামে এক নারীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। ওই নারীর মেয়েও আহত হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঝড়ে এখন পর্যন্ত আহত ১২ থেকে ১৩ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, জেলায় ঝড়ে রুবি নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য শুকনো খাবার ও ত্রাণের ব্যাবস্থা করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারকে সরকারের তরফ থেকে আর্থিক সহযোগিতা দেয়া হবে। তবে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে পরে জানানো হবে।
আমরা এই প্রতিশ্রুতি দিলাম আপনার ইমেইলটি গোপন রাখবো *