নড়াইল জেলার আলোচিত আওয়ামী লীগ নেতা শেখ আশিক বিল্লাহর নাম উঠে এসেছে ‘জুলাই যোদ্ধা আহতদের তালিকায়’। তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলা করে একসময় শিরোনামে এসেছিলেন।
রোববার (১৯ অক্টোবর) সকাল থেকে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা।
শেখ আশিক বিল্লাহ আশিক জামাল জাতীয় স্মৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে।
সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনে নিহত ও আহতদের সহায়তা এবং সরকারি স্বীকৃতির জন্য সারাদেশে তালিকা তৈরি করছে সরকার। এর অংশ হিসেবে নড়াইল জেলায় দুজন নিহত এবং ২৭ জন আহতের নাম অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়। আহতদের তালিকায় রয়েছে শেখ আশিক বিল্লাহর নামও। তার গেজেট নম্বর—৩৩৬৯১।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৯ ডিসেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে নড়াইলের আদালতে মানহানি মামলা করেন শেখ আশিক বিল্লাহ। একইদিন মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবী নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধেও আরেকটি মামলা দায়ের করেন তিনি।
এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কালিয়া উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল হক বিশ্বাস ফেসবুকে লিখেছেন, “সঠিক তদন্তের মাধ্যমে নতুন করে তালিকা প্রকাশের দাবি জানাই। আমরা এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
অনেকে মন্তব্য করছেন, অতীতে যেমন রাজনৈতিক স্বার্থে ইতিহাস বিকৃত করা হয়েছে, তেমনি আজও ব্যক্তিগত স্বার্থে অনেকে মিথ্যার আশ্রয় নিচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, “শেখ আশিক বিল্লাহর নাম আহতদের তালিকায় কীভাবে এসেছে, তা আমার জানা নেই।”
অন্যদিকে শেখ আশিক বিল্লাহ নিজেকে ‘প্রকৃত জুলাইযোদ্ধা’ দাবি করে বলেন, “১৯ জুলাই ঢাকার মহাম্মদপুরে আন্দোলনে অংশ নিয়ে আমি আহত হয়েছিলাম। চিকিৎসা সনদ ও প্রয়োজনীয় প্রমাণের ভিত্তিতেই আমাকে গেজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।”