পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, "আমার কোনো প্রতিনিধি নেই; আমার প্রতিনিধি আমি নিজেই। কারও কোনো সমস্যা হলে সরাসরি আমাকে জানাবেন। কেউ যদি আমার নাম ভাঙিয়ে কিছু করার চেষ্টা করে, সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন।"
সোমবার (৯ মার্চ) দুপুরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা পরিষদ অডিটরিয়ামে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সরকারি কর্মচারীরা জনগণের সেবক। তাই জনগণ যেন কোনো সরকারি দপ্তরে এসে সেবা পেতে বেগ পোহাতে না হয়, সে বিষয়টি মাথায় রেখে সবাইকে কাজ করতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, "জনগণের মতামত নিয়েই আমরা দেশকে এগিয়ে নিতে চাই। তাই সাধারণ মানুষের মতামত ধৈর্যসহকারে শুনতে হবে।" এ সময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দপ্তরের সামনে জনগণের মতামত জানানোর জন্য একটি মতামত বক্স স্থাপনের নির্দেশ দেন।
এ সময় তিনি আরও বলেন, "কোনোভাবেই যেন জনগণ সেবা নিতে এসে হয়রানির শিকার না হন। জনগণের সেবায় নিয়োজিত সবাইকে জনবান্ধব হয়ে উঠতে হবে।"
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিষয়ে জিরো টলারেন্স অবস্থানে আছেন। পিরোজপুরে এসবের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
এ সময় তিনি নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসানকে উদ্দেশ্যে করে বলেন, "মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি যে দলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নিতে হবে।"
এর আগে সকাল ১০টার দিকে প্রতিমন্ত্রী স্বরূপকাঠী-পিরোজপুর সড়কের নাপিতখালী খালের ওপর ৭৯.০৪২ মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি ঠিকাদারকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন।
পরে তিনি স্বরূপকাঠী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ কাম সাইক্লোন শেল্টারের উদ্বোধন করেন। এরপর উপজেলা চত্বরে অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিনামূল্যে ঢেউটিন বিতরণ করেন।
এদিকে বিকেলে নেছারাবাদ উপজেলা বিএনপি ও নেছারাবাদ পৌর বিএনপির আয়োজিত ইফতার মাহফিলে প্রতিমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।