পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব রুহুল আমিন দুলালের ব্যক্তিগত সহকারী (পিএ) হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক উপজেলা নির্বাচন অফিসার মোঃ আইয়ুব আলী হাওলাদার।
জানা গেছে, দীর্ঘদিন সরকারি দায়িত্ব পালনের অভিজ্ঞতা এবং প্রশাসনিক দক্ষতার ভিত্তিতে তাকে এ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ প্রদান করা হয়েছে। কর্মজীবনে তিনি নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে সংশ্লিষ্ট মহলে সুনাম অর্জন করেছেন।
নবনিযুক্ত ব্যক্তিগত সহকারী মোঃ আইয়ুব আলী হাওলাদার তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংসদ সদস্য আলহাজ্ব রুহুল আমিন দুলাল। তিনি বলেন, “জনগণের সেবা নিশ্চিত করতে একটি দক্ষ টিম প্রয়োজন। আইয়ুব আলী হাওলাদারের অভিজ্ঞতা আমাদের কার্যক্রমকে আরও গতিশীল করবে।”
এদিকে, নতুন দায়িত্ব পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আইয়ুব আলী হাওলাদার। তিনি বলেন, “মাননীয় সংসদ সদস্যের আস্থার প্রতিদান দিতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাবো।”
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে এ নিয়োগকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, তার অভিজ্ঞতা ও দক্ষতা মঠবাড়িয়া এলাকার উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।