শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পিরোজপুর জেলা শাখার সাবেক সহ-সভাপতি ইমরান আহমেদ সজীবকে প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত আজ অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেন।
এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে সরকারি সোহরাওয়ার্দী কলেজে ঢুকে ওই যুবক একটি অফিস কক্ষে ভাঙচুর চালিয়ে ভিডিও ধারণ করে। এদিন বিকেল থেকেই অফিস কক্ষ ভাঙচুরের ৫০ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ক্যাপ পরা ওই যুবক কলেজের একটি অফিস কক্ষে ভারী লাঠি দিয়ে আসবাবপত্র ভাঙচুর করছে। এ সময় আরেকজন মোবাইল ফোনে ঘটনাটি ভিডিও করছিল। ভাঙচুর শেষে ওই যুবক কক্ষ থেকে বেরিয়ে যায়।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম ছাত্রদল কখনোই সমর্থন করে না। তিনি ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ছিলেন, বর্তমানে কোনো পদে নেই। কেন্দ্রের সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই।