প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ও ঢাকা–১ (দোহার ও নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান) বলেছেন, দেশে অর্থনৈতিক কোনো সংকট নেই। এখন সরকারের প্রধান কাজ হচ্ছে দেশের অর্থনীতি যে অবস্থায় আছে, সেটি ধরে রাখা। আজ রোববার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার নগদীপুর বাজারে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জেড আই ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠানের উদ্যাগে তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সালমান এফ রহমান বলেন, জাতীয় নির্বাচনের আগে দেশকে নিয়ে অনেক গুজব ছড়ানো হয়েছিল। দেশ নাকি অর্থনৈতিক সংকটে পড়বে। সঠিক সময়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে না। কিন্তু ৭ জানুয়ারি নির্বাচন সুষ্ঠু হয়েছে। নির্বাচনের পর বিশ্বের সব দেশের রাষ্ট্রদূতেরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। বাংলাদেশে অর্থনৈতিক সংকট তৈরি হওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে সালমান এফ রহমান বলেন, ‘সুষ্ঠু, সুন্দর নির্বাচনের পর আমরা সরকার গঠন করেছি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধান কাজ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অর্থনীতি যে অবস্থায় আছে, সেটি ধরে রাখা। তবে কোভিড, ইউক্রেন-রাশিয়া ও ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের কারণে এটা একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হবে।’ দেশের অর্থনীতি ভালো চলছে উল্লেখ করে সালমান এফ রহমান বলেন, ‘আমরা অর্থনৈতিক সংকটে না পড়ার প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের কৃষি। বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় শক্তি এই কৃষি খাত। প্রতিবছর সারা দেশে কৃষির বাম্পার উৎপাদন হচ্ছে। এই কারণে অর্থনৈতিক সংকটের কোনো সুযোগ নেই।’
আমরা এই প্রতিশ্রুতি দিলাম আপনার ইমেইলটি গোপন রাখবো *